


নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিজেপি জেলা পার্টি অফিসে তুমুল বিক্ষোভ মহিলাদের। জামুড়িয়া থেকে একাধিক বাস ভাড়া করে বিক্ষোভকারীরা সোমবার আসানসোল বিজেপি জেলা পার্টি অফিসে আসেন। সেখানেই জামুড়িয়া বিধানসভার এক নম্বর মণ্ডল সভাপতি পিনাকী রায় ও জেলা সহ সভাপতি তাপস রায় দূর হটো স্লোগান তোলা হয়। বহু সংখ্যাক মহিলা বিজেপি জেলা পার্টি অফিসের বাইরে স্লোগান দিতে থাকেন। স্লোগান দিয়ে মিছিল করে তাঁরা দলীয় কার্যালয়ের ভিতরে ঢোকেন। সেখানেও তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে জেলা নেতৃত্বর সঙ্গে তাঁরা আলোচনায় বসেন। রাজ্যে পালাবদলের পর জেলা পার্টি অফিসে প্রকাশ্যে এই ধরনের বিক্ষোভ এই প্রথম। যা নিয়ে অস্বস্তি বেড়েছে বিজেপির অন্দরেই।
ঘটনার সূত্রপাত বিজেপি ১ নম্বর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রীর পরিবর্তন নিয়ে। বিক্ষোভকারীদের দাবি, ২০২১ সাল থেকে মণ্ডল সভানেত্রী রয়েছেন স্বর্ণ বাউরি। তৃণমূল জমানায় বিজেপি করার জন্য তাঁকে ব্যাপক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। এরপরই ২০২৩ সালে তৃণমূলের ‘আতঙ্ক’ সত্বেও স্বামী, স্ত্রী মিলে বিজেপির হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন। তারপরই বিজেপি ক্ষমতায় আসার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বর্ণ বাউরিকে সামনে রেখে এই ঘটনার প্রতিবাদে জেলা পার্টি অফিসে তুমুল বিক্ষোভ চলতে থাকে। তাঁদের অভিযোগ, মণ্ডল সভাপতি পিনাকি রায় ও জেলা সহ সভাপতি তাপস রায় প্রভাব খাটিয়ে তাঁকে সরিয়ে দিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, মণ্ডল সভাপতি তৃণমূলের লোকজনদের নিয়ে চলছেন। তিনি টাকা দিয়ে তৃণমূল পার্টি অফিস রং করাচ্ছেন। যাঁদের বিরুদ্ধে ক্ষোভে মানুষ ভোট দিয়েছিলেন তাঁদের সঙ্গেই দলের নেতাদের দেখা যাচ্ছে। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বিক্ষোভকারীদের নিয়ে আলোচনায় বসেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক অপূর্ব হাজরা। বৈঠক শেষে অপূর্ববাবু বলেন, আমাদের সংগঠনের কিছু নিয়ম রয়েছে। কাউকে পদ থেকে সরিয়ে দেওয়া মানে দলে থেকে বসিয়ে দেওয়া নয়। আবার দল তাঁর জন্য নতুন কোনো দায়িত্ব ভেবে রেখেছে। আমাদের সঙ্গে আলোচনা করে তাঁরা সবাই নিজের এলাকার ফিরে গিয়েছেন।