


সংবাদদাতা রামপুরহাট: বাড়ি বাড়ি না গিয়ে একটি বাড়িতে বসে আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বিলি করছেন আশা কর্মী। এমনই অভিযোগ মল্লারপুরের সাধ্যাহাট গ্রামের বাসিন্দাদের। তাঁরা বিষয়টি নিয়ে হোয়াটস অ্যাপের মাধ্যমে বিডিওর কাছে অভিযোগও জানিয়েছেন। এরপর আজ, রবিবার এই নিয়ে গ্রামবাসীদের একাংশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত আশা কর্মী শামিমা খাতুন। সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন তিনি। এলাকার বাসিন্দা রনিউল ইসলাম বলেন, ওই আশা কর্মীর বাড়ি রামপুরহাটে। তিনি নিয়মিত এলাকায় আসেন না। প্রসূতি মায়েরা অসুবিধায় পড়লে ফোন করলেও ধরেন না বলে অভিযোগ। নিয়ম অনুযায়ী, আয়ুষ্মান ভারতের ফর্ম বাড়ি বাড়ি বিলি করার কথা। কিন্তু উনি একটি বাড়িতে বসেই সেই কাজ করছেন! স্বভাবতই এই কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। প্রতিবাদ করলে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ঘটনায় ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।