


ইউজিন: অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে পদকের খাতা খুললেন আশিস যাদব। পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে রুপো জিতলেন তিনি। ছুড়েছেন ৭৪.০৯ মিটার। এই ইভেন্টে সোনা জেতেন দক্ষিণ আফ্রিকার জ্যান হেনড্রিক হেইম্যানস (৮০.৫০ মিটার)। আর ৭৩.৮৯ মিটার ছুড়ে ব্রোঞ্জ পান ডোমিনিকার অ্যাডিসন জেমস। উল্লেখ্য, নীরজ চোপড়ার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে জুনিয়র বিশ্ব মিটে জ্যাভেলিনের পদক জিতলেন আশিস। ২০১৬ সালে এই আসরে নীরজ সোনা জিতেছিলেন ৮৬.৪৮ মিটার ছুড়ে। জুনিয়র বিভাগে তাঁর সেই রেকর্ড আজও অক্ষত।
এদিকে, মহিলাদের হাই জাম্পের ফাইনালে উঠেছেন পূজা সিং। কোয়ালিফিকেশন রাউন্ডে ১.৭৯ মিটার উচ্চতা অতিক্রম করেছেন তিনি। ১৯ বছরের পূজা সিনিয়র জাতীয় রেকর্ডের অধিকারী। বিশ্ব মিটে তাঁর কাছে সোনার প্রত্যাশাই করছে ভারতীয় শিবির। পাশাপাশি পুরুষদের লং জাম্পের ফাইনালে পৌঁছেছেন শাহনবাজ খান ও জিতিন অর্জুন।