


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আশঙ্কাই সত্যি হল! ব্রাজিল ম্যাচকে প্রাধান্য দিতে আশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত। ৩ অক্টোবর সাম্বা-ব্রিগেডের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলবেন গুরপ্রীত-আনোয়াররা। একই সময়ে আশিয়ান কাপ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ন বলেন, ‘আমরা একই সময়ে দু’টি টুর্নামেন্ট খেলতে পারব না। তাই আশিয়ান কাপ থেকে নাম তুলে নিচ্ছি।’ এখন বড় প্রশ্ন, ফিফা আয়োজিত আশিয়ান কাপ থেকে ফুটবলে ধুঁকতে থাকা ভারতের নাম তুলে নেওয়া কতটা যুক্তিযুক্ত? একটা ব্রাজিল ম্যাচ খেলে কী ভারতের ফুটবলের আদৌ কিছু উন্নতি হবে? দ্বিতীয় সারির দলও কি পাঠানো যেত না আশিয়ান কাপে?
আশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলি নিয়ে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা। আশিয়ান বহির্ভূত দেশ হলেও ফিফার আমন্ত্রণ পেয়েছিল ভারত। ফেডারেশনের সিদ্ধান্তে বিস্মিত বাইচুং ভুটিয়া। জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের মন্তব্য, ‘সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কোনও পরিকল্পনাই নেই। টুর্নামেন্ট খেললে অভিজ্ঞতার পাশাপাশি র্যাঙ্কিং বাড়ার সম্ভাবনা থাকে। সেই সুযোগ হাতছাড়া হল।’