


নয়াদিল্লি: নগদ কাণ্ডে বিচারপতি যশবন্ত ভার্মার নাম জড়াতেই নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। বিচার ব্যবস্থার স্বচ্ছ্বতা বজায় রাখতে নয়া উদ্যোগ নেওয়া হল। শীর্ষ আদালত জানিয়েছে, সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতি তাঁদের সম্পত্তির হিসেবে প্রকাশ করবেন। সাধারণ মানুষ চাইলেই সেগুলি দেখতে পাবেন। এবিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকের বসেছিলেন বিচারপতিরা। সেখানেই এসংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে। বিচারপতিরা তাঁদের সম্পত্তির হিসেব ও পরিসংখ্যান সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করবেন। তবে এজন্য কোনও নির্দেশ জারি হয়নি। বিচারপতিরা স্বেচ্ছায় সমস্ত তথ্য তুলে ধরবেন। আদালত সূত্রে খবর, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সহ ৩০ জন বিচারপতিই তাঁদের সম্পদের হিসেব জমা দিয়েছেন।
জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের পর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। ওই টাকার উৎস প্রকাশ্যে না আসায় বিচার বিভাগের স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই বিচারপতি ভার্মাকে এলাহবাদ হাইকোর্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, সেখানকার আইনজীবী থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন মহল প্রতিবাদে নামে। এই আবহে সুপ্রিম কোর্টের উল্লিখিত পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে দেশের হাইকোর্ট ও নিম্ন আদালতগুলিও স্বচ্ছ্বতা স্বার্থে একই পথে হাঁটবে কি না, তা স্পষ্ট নয়।