


মাদ্রিদ: একটি স্বপ্ন। গত এক দশকের বেশি সময় ধরে যা বয়ে চলেছেন কাতালুনিয়ানরা। ২০১৫ সালে শেষবার ইউরো সেরার স্বাদ পেয়েছিল বার্সেলোনা। তারপর পেরিয়েছে ১০টি বসন্ত। এই পর্বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন অধরাই। বরং গত এক দশকে ‘ব্যাড প্যাচ’ই সঙ্গী তাদের। প্রাণভ্রমরা লায়োনেল মেসির দল ছাড়া থেকে চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু’বার গ্রুপ পর্ব থেকে বিদায়ের লজ্জা। তবে জার্মান কোচ হান্স ফ্লিক দায়িত্ব নিতেই নতুন স্বপ্ন দেখা শুরু করেন ক্লাব অনুরাগীরা।
গতবার টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবল মেলে ধরেও শেষ চারেই বিদায় নিয়েছিল বার্সা। চলতি মরশুমে আরও একবার আশা জাগিয়েও ফের একবার স্বপ্নভঙ্গের মুখে দাঁড়িয়ে দল। এবার শেষ আটের লড়াইয়ে প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ০-২ গোলে বশ মানে বার্সা। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে মঙ্গলবার মেট্রোপলিটানোতে আরও এক রূপকথার প্রত্যাবর্তনের জয়গাথা বুনতে হবে তাদের। ঠিক যেমনটা ঘটেছিল ২০১৬-১৭ মরশুমে। সেবার পার্ক দ্য প্রিন্সেসে চার গোলে হারের পরও ঘরের মাঠে পিএসজি’কে ৬-১ গোলে বশ মানিয়েছিল লুই এনরিকের বার্সা। তবে এবার কাজটা আরও কঠিন। কারণ লড়াইটা বিপক্ষের মাঠে। আর মেট্রোপলিটানো মানেই অ্যাওয়ে দলের জন্য আতঙ্কের আতুঁরঘর। ডিয়েগো সিমিওনের আল্ট্রা-ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ভেদ করে তিন গোলের ব্যবধানে জেতা মুখের কথা নয়। কারণ বার্সার মতোই ইউরোপ সেরার স্বপ্ন বুনে চলেছে আতলেতিকোও। আর্জেন্তাইন কোচের প্রশিক্ষণে অতীতে দু’বার ফাইনাল খেললেও, খেতাব এখনও অধরা তাদের। তাই বার্সাকে হারিয়ে সেই লক্ষ্যে আরও একধাপ এগতে মরিয়া আলভারেজরা।
চলতি মরশুমে ইতিমধ্যেই বার্সাকে দু’বার বশ মানিয়েছে আতলেতিকো। আর প্রতিটি হারই হান্স ফ্লিক ব্রিগেডের কাছে কাঁটার মতো বিঁধেছে। তবে অ্যাওয়ে ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাস বার্সা। সেই লড়াইয়ে ফ্র্যাঙ্কি ডে জংয়ের দলে ফেরাটা অনেকটাই স্বস্তিতে রাখছে কোচ ফ্লিককে। তাঁর কথায়, ‘লড়াইটা কঠিন। তবে অসম্ভব নয়। পরিকল্পনামাফিক পারফরম্যান্স মেলে ধরলে সাফল্য আসবেই।’
অন্যদিকে, ঘরের মাঠে ফেভারিট হিসেবেই নামছে আতলেতিকো। দুই গোলের লিডের সুবাদে রক্ষণ জমাট রাখাই প্রথম লক্ষ্য ডিয়েগো সিমিওনের। এই ম্যাচে অবশ্য কার্ড সমস্যায় মার্ক পুবিলকে পাবে না তারা। এছাড়া চোটের জেরে অনিশ্চিত ডেভিড হাঙ্কো ও হোসে গিমেনেজ। তবে ছেলেদের কোনওরকম বাড়তি চাপ নিয়ে বারণ করছেন সিমিওনে। কারণ তিনি জানেন, এই বার্সাকে বিন্দুমাত্র সুযোগ দিলেই বিপদ।
মঙ্গলবার অপর কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে পিএসজি’র মুখোমুখি হবে লিভারপুল। প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে দু’গোলে জিতে আগেই শেষ চারের পথে এক পা বাড়িয়ে রেখেছে লুই এনরিকে ব্রিগেড। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া মো সালাহরা।