


আতলেতিকো মাদ্রিদ-৪ : বার্সেলোনা-০
মাদ্রিদ: ১৯৪২, ১৯৮৯-এর পর ২০২৬! বার্সেলোনাকে চার বা তার বেশি গোলের ব্যবধানে হারাল আতলেতিকো মাদ্রিদ। শুক্রবার মেট্রোপলিটানোতে কোপা ডেল রে’র সেমি-ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধেই কাতালন ক্লাবটিকে চার গোলের মালা পরায় সিমোনে-ব্রিগেড। স্কোরশিটে নাম তুলেছেন আতোয়াঁ গ্রিজম্যান, আডেমোলা লুকম্যান ও জুলিয়ান আলভারেজ। অপর গোলটি এরিক গার্সিয়ার আত্মঘাতী। পাশাপাশি ম্যাচের শেষলগ্নে লাল কার্ডও দেখেন বার্সার এরিক গার্সিয়া। আগামী ৪ মার্চ ফিরতি লেগে কাতালন ক্লাবটির কামব্যাক সহজ হবে না। তবুও আশা ছাড়ছেন না বার্সা কোচ হ্যান্স ফ্লিক।
চোটের কারণে রাফিনহা, র্যাশফোর্ড সহ একাধিক ফুটবলারকে এই ম্যাচে পায়নি বার্সা। তাঁদের অভাব বেশ ভালোমতোই অনুভূত হল। সপ্তম মিনিটে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার ক্ষমার অযোগ্য ভুলে পিছিয়ে পড়ে ফ্লিক-ব্রিগেড। এরিকের ব্যাক পাসে কোনও ঝুঁকি ছিল না। কিন্তু বক্সের মধ্যে অবিশ্বাস্যভাবে বার্সা গোলরক্ষক মিস করলে বল জালে জড়ায় (১-০)। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান গ্রিজম্যান। মোলিনার পাস ধরে বক্সে মাপা প্লেসমেন্টে লক্ষ্যভেদ ফরাসি ফরোয়ার্ডের (২-০)। এই পর্বে গ্রিজম্যান, আলভারেজদের অহরহ আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে অ্যাওয়ে দল। ৩৩ মিনিটে ৩-০ করেন লুকম্যান। আর প্রথমার্ধের সংযোজিত সময়ে বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পোঁতেন আলভারেজ (৪-০)। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আক্রমণ চালায় লিওয়ানডস্কি,লামিনে ইয়ামালরা। ৫২ মিনিটে বল আতলেতিকোর জালে বলও জড়ান কুবার্সি। কিন্তু সেমি-অটোমেটেড অফ-সাইড প্রযুক্তি কাজ না করায়, ভারে গোলটি প্রায় ৮ মিনিট পর্যালোচনা করেন টিভি রেফারি। শেষ পর্যন্ত গোলটি বাতিল করা হয়। যা নিয়ে বিতর্ক জন্ম নিয়েছে। বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন হয়নি।