


সংবাদদাতা, কালিয়াচক: হোলির দিনে মদ খাওয়াকে কেন্দ্র করে গ্রামের মাঠে গণ্ডগোল। বিবাদ বাড়লে হাঁসুয়ার কোপে প্রাণ গেল বিকাশ ঘোষের (৩০)। গুরুতর আহত আরও চারজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানায় এলাকার চরিঅনন্তপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়ায়। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের বাড়ির অদূরে একটি আম বাগান রয়েছে। সেখানে বসে কয়েকজন একসঙ্গে মদ খাচ্ছিল। সেখানে মোবাইলে গান বাজানোকে কেন্দ্র করে বিকাশ ও মনোজ ঘোষের মধ্যে কথা কাটাকাটির পর মারামারি হয়। বাকিদের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। বাড়ি ফিরে এলে আবারও দু’পক্ষের মধ্যে হাঁসুয়া, লাঠি নিয়ে মারামারি শুরু হয়। তখন বিকাশের মাথায় হাঁসুয়া দিয়ে কোপ মারে মনোজ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিকাশ। হাঁসুয়ার কোপ লাগে বিকাশের ভাই রবির পিঠেও। প্রাণ বাঁচাতে মনোজকে হাঁসুয়ার কোপ মারেন রবিও। কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোলাপগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে বিকাশ মৃত বলে জানান কর্তব্যরত চিকিৎসক। বাকিদের মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
বিকাশের বাবা ধীরেন ঘোষের দাবি, আমাদের সঙ্গে জমি নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল। এদিন ওরা মদ খেয়ে গালাগালি দিচ্ছিল। প্রতিবাদ করতেই আমাদের দিকে হাঁসুয়া, লাঠি নিয়ে হামলা চালায়। আমার ছেলেকে কুপিয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন মনোজের বাবা রঘুনাথ ঘোষ। তাঁর বক্তব্য, আমার ছেলেকেই প্রথম কুপিয়েছে বিকাশ। এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
ঘটনার পর ওই এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন রয়েছে। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে।