


নিজস্ব প্রতিনিধি, বারাসত: একের পর এক প্রতারণার অভিযোগ। সেই পুরানো অভিযুক্তই এবার সিবিআই আধিকারিক সেজে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের কাছ থেকে ১৭ লক্ষ টাকা দাবি করেছিল। অবশেষে ‘দাগী’ ফের পুলিশের জালে। ধৃতের নাম প্রকাশ রায়। বাড়ি হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের খড়ের মাঠ এলাকায়। সোমবার রাতে হাবড়া রেল স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, জুন মাসের শেষদিকে প্রকাশ নিজেকে সিবিআইয়ের আধিকারিক বলে পরিচয় দিয়ে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে। প্রকাশ দাবি করে, সে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। এই পরিচয় দিয়েই প্রাক্তন বিধায়কের কাছে ১৭ লক্ষ টাকা দাবি করে। কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ায় অসিতবাবু চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ফোনের সূত্র ধরে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। শেষ পর্যন্ত হাবড়া রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রকাশের বিরুদ্ধে প্রতারণার তালিকা লম্বা। ২০১৫ সালে মাদক পাচারের অভিযোগে প্রথমবার পুলিশ গ্রেপ্তার করে তাকে। পরে ২০২৪ সালে বাগদায় এক বিডিওর কাছে নিজেকে দাবায় ‘গ্র্যান্ডমাস্টার’ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলাতেও পুলিশ তাকে গ্রেপ্তার করে। চলতি বছরের মে মাসে আরও একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকদিন জেল হেপাজতে থাকার পর জামিনে মুক্তি পায়। জামিনে ছাড়া পাওয়ার অল্পদিনের মধ্যেই এবার সিবিআই অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে প্রাক্তন বিধায়কের কাছ থেকে ১৭ লক্ষ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ ওঠে। এই মামলায় ফের গ্রেপ্তার করা হল প্রকাশকে।