


ডারউইন: দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার হারই যেন ‘অঘটন’! সেখানে আবার বাংলাদেশ চার দিনেই বশ মানাল ব্র্যাডম্যানের দেশকে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ জিতে ইতিহাস গড়ল টাইগার ব্রিগেড। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৯ উইকেটে জিতল সফরকারী দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুঁড়িয়ে দেন হাসান মাহমুদরা। জবাবে বাংলাদেশের সংগ্রহ ৪২৬। দেওয়াল লিখন তখনই স্পট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইংনিংসে মরিয়া চেষ্টা চালিয়েও ২৮৪ রানের বেশি তুলতে পারেনি অজিরা। জয়ের জন্য নাজমুল হাসান শান্তদের সামনে টার্গেট ছিল মাত্র ৫৭ রানের। এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান তাঁরা। ঘরের মাঠে এমন এমন শোচনীয় পরাজয়ে আঁতে ঘা লেগেছে ক্যাঙারু বাহিনীর। প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং বলেন, ‘লজ্জাজনক হার। এভাবে চলতে পারে না। অনেক কিছু পরিবর্তন দরকার।’ পাশাপাশি এই জয়ের পর ভারতকে (৪৮.১৫ পিসিটি) টপকে বিশ্বটেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চার নম্বরে উঠে এল বাংলাদেশ (৬৬.৬৭ পিসিটি)।
প্রশংসা করতে হবে পেসার হাসান মাহমুদের। প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেন তিনি। বাউন্সি পিচে বাংলাদেশের ব্যাটাররাও দৃঢ়তার পরিচয় দেন। তানজিদ হাসানের (১০১) দুরন্ত শতরান ও ক্যাপ্টেন নাজমুলের ৮৪ রানের ইনিংস সফরকারী দলকে চালকের আসনে বসিয়ে দেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে লড়াকু শতরান করেন ক্যামেরন গ্রিন (১০৪)। তবুও তিনশোর গণ্ডি টপকাতে পারেনি অজিরা। মেহদি হাসান মিরাজ একাই ৫ উইকেট নেন। আর চতুর্থ দিনে ৫৭ রানের লক্ষ্য সহজেই অর্জন করে অ্যাওয়ে দল। উল্লেখ্য, ২০১৭ সালে ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে বাংলাদেশ হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এবার কামিন্সদের পাড়ায়ও টেস্ট জয়ের স্বাদ পেল টাইগার-ব্রিগেড।