


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই সংসদে উঠে এল বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর প্রসঙ্গ। সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে প্রসঙ্গটি তোলেন বঙ্গ বিজেপির সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার বন্দোবস্ত সুনিশ্চিত করুক সরকার।
বামফ্রন্ট সরকারের আমলে ২০০৭ সালে কলকাতা ছাড়তে র বাধ্য হয়েছিলেন তসলিমা। তার প্রায় ১৮ বছর পর বিজেপি সাংসদের হাত ধরে ফের সামনে এল সেই প্রসঙ্গ। এদিন রাজ্যসভায় শমীকবাবু বলেন, তসলিমার কলকাতা ছাড়তে বাধ্য হওয়া একটি যন্ত্রণাদায়ক অধ্যায়। কবি, বুদ্ধিজীবী, সমাজ সংস্কারকদের স্থান হিসেবে পরিচিত বাংলা। অথচ সেখান থেকেই বিতাড়িত হয়েছিলেন তসলিমা। কোনও সমস্যা থাকলে তার সুরাহা হোক। কিন্তু কোনওরকম অসহিষ্ণুতা যেন বরদাস্ত করা না হয়। শমীক বলেন, ‘আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি যাতে, তসলিমা নাসরিনকে পর্যাপ্ত সুরক্ষা ও নিরাপত্তা দিয়ে কলকাতায় নিরাপদে ফেরানোর বন্দোবস্ত করা হয়।’ এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্যের বিষয়। কে আসবেন, কে যাবেন - তা রাজ্য সরকারই ভালো বুঝবে। বিজেপি নয়। বিজেপি দলটি আদতে ভুয়ো হিন্দু। তারা দু’টো গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ করতে চাইছে।