


বেঙ্গালুরু, ২ অক্টোবর: চারদিকে বড়ো বড়ো আইটি হাব। বিশ্বের নামীদামি সংস্থা যে বেঙ্গালুরুতে অবস্থিত, সেখানেই আইটির চাকরি ছেড়ে আজ এক তরুণী পেশায় অটো চালক। সম্প্রতি এমনই একটি গল্প সামনে এসেছে, যা ইনস্টাগ্রামে এখন ভাইরাল। কিন্তু এর পেছনের কারণ কী? নেটিজেনদের মনেও জেগেছে এই প্রশ্ন। সত্যিটা জানলে চমকে যাবেন!
একজন কনটেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এক মহিলা অটো চালকের সঙ্গে কথোপকথন তুলে ধরেন। বাবার মৃত্যুর পর ওই তরুণী এই পেশাকেই বেছে নিয়েছেন। এছাড়াও তাঁর আইটি কোম্পানির দেওয়া প্যাকেজের চেয়ে এই পেশায় অনেক বেশি আয় হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন,‘বাড়িতে আমি আর আমার মা একা থাকি, তাই রাতে মাকে একা রেখে ডিউটি করতে চাই না।’
ঝরঝরে ইংরেজিতে তাঁদের এই কথোপকথন চলে। ওই তরুণী জানান, নাইট শিফটে কাজ করতে করতে তাঁর শরীর খারাপ হচ্ছিল, আর মাইনেও ছিল খুব কম। তিনি ভাবেন, সেই চাকরি করার চেয়ে স্বাধীনভাবে অটো চালানোই ভালো।
সমাজে এখনও মহিলাদের কাজের বিষয়ে যেভাবে প্রশ্ন তোলা হয়, সে প্রসঙ্গেও তিনি সরব হয়েছেন। বলেন,‘একজন পুরুষ এই কাজ করলে কারও আপত্তি থাকে না, কিন্তু কোনো মহিলা এই কাজ করলে বলা হয় লোক দেখানোর চেষ্টা, যা একদম ঠিক নয়। তাঁর কথায়,‘আমারও পরিবার আছে। আমারও কিছু দায়িত্ব আছে।’
ইনস্টাগ্রামে পুরো বিষয়টি পোস্ট করে তানভি লেখেন,‘তিনি নিজের স্বাধীনতাকে বেছে নিয়েছেন এবং নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ এই গল্প অনেককেই অনুপ্রেরণা যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। আবার অনেকেই লিখছেন,‘নিজের যেটা ভালো মনে হয়, সেটাই করা উচিত।’