


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর: দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্র উমর খালিদ এবং শারজিল ইমামের। উত্তর-পূর্ব দিল্লিতে ২০২০ সালে দাঙ্গার ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ উমর খালিদ ও শারজিল ইমাম। ফের একবার তাদের জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০১৯ সালে সিএএ এবং এনআরসি বিরোধী প্রতিবাদের ঝড় ওঠে। সেই সময় উত্তর-পূর্ব দিল্লিতে বিক্ষোভের আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। ২০২০ সালে সেই হিংসার ঘটনায় প্রাণ হারান ৫৩ জন এবং আহত হয়েছিলেন প্রায় ৭০০ জন। অভিযোগ উঠেছিল সেই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ বা ‘বৃহত্তম ষড়যন্ত্রকারী’ উমর খালিদ ও শারজিল ইমাম।
শারজিল ইমামেকে গ্রেপ্তার করা হয়েছিল ২০২০ সালের ২৫ আগস্ট। অন্যদিকে, উমর খালিদকে গ্রেপ্তার করা হয় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের জানুয়ারিতেই সুপ্রিম কোর্ট তাদের জামিনের আর্জি খারিজ করে দেয়। এরপরেই হাইকোর্টে তারা ফের জামিনের আবেদন করেন। কিন্তু লাভের লাভ কিছুই হল না। এই নিয়ে তৃতীয়বার তাদের জামিনের আবেদন খারিজ করা হল। হাইকোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বা শর্ত তারা কোনোভাবেই পরিবর্তন করতে পারে না।