


সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর কাণ্ডের প্রতিবাদে গাড়ি ভাঙচুর, গণপিটুনিতে মৃত্যুসহ অশান্তির ঘটনায় জামিন পেলেন না সিপিএম নেতা লাহেক আলি। তাঁকে আবারও পুলিশ হেপাজতে পাঠাল বারুইপুর আদালত। বিচারক প্রথমবার লাহেককে আটদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। সেই মেয়াদ শেষ হওয়ার পর মঙ্গলবার ফের আদালতে তোলা হয় তাঁকে। সওয়াল জবাবের সময় সরকারি আইনজীবী এবং বিজেপির আইনজীবীদের সঙ্গে বাম আইনজীবীদের তীব্র বাদনুবাদ হয়। বাধ্য হয়ে বিচারক ‘অর্ডার রিজার্ভ’ রাখেন। শেষমেশ সন্ধ্যায় সিপিএম নেতাকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন তিনি।
এদিন সরকারি পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় ধৃতের ছয়দিনের পুলিশ হেপাজতের জন্য আবেদন করেন। তিনি বলেন, তদন্ত এখনো বাকি আছে। তাই পুলিশ হেপাজত চাওয়া হয়েছিল। অন্যদিকে, লাহেকের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পুলিশ হেপাজতকালেও কিছু পাওয়া যায়নি। সব এফআইআরের ক্ষেত্রে পুলিশ হেপাজতে নিয়ে আটকে রাখাই ওদের অভিসন্ধি। এদিন ধৃত সিপিএম নেতাকে বারুইপুর আদালতে তোলার আগে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। সিপিএমের জেলা সম্পাদক রতন বাগচী থেকে শুরু করে পার্টি নেতা রাহুল ঘোষ এবং বহু কর্মী-সমর্থক হাজির ছিলেন কোর্ট চত্বরে।