


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জমা জল সরানোর দাবিতে রাস্তা অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হল উত্তর হাওড়ার বামনগাছির মহীনাথ পোড়েল লেন এলাকা। রবিবার সকালে মহীনাথ পোড়েল লেনে অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে অবরোধকারীদের বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপির দু’জন কর্মী আহত হয়েছেন। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনের ডান হাতের দু’টি আঙুল ভেঙেছে বলে দাবি বিজেপির। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
টানা ভারী বৃষ্টিতে উত্তর হাওড়ার করপাড়া, মহীনাথ পোড়েল লেন, সীতানাথ বোস লেন সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। মহীনাথ পোড়েল লেনে কয়েকদিন ধরে হাঁটুর উপরে জল জমে রয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। বেনারস রোড থেকে জল ঠিকমতো না নামায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগে বৃষ্টির জল দ্রুত নেমে গেলেও বর্তমানে দীর্ঘক্ষণ জল জমে থাকায় দুর্ভোগ বেড়েছে। দ্রুত জল সরানো এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে এদিন স্থানীয় মহিলা সহ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরে বেশ কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূলের মহিলা কর্মীরা জল জমার প্রতিবাদে অবরোধ করেছিলেন। বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বললে বাইরে থেকে কিছু যুবক এসে তাঁদের উপর হামলা চালায়। বিজেপির উত্তর হাওড়ার মুখপাত্র নুপূর গুছাইত বলেন, ‘আমাদের দু’জন কর্মী আহত হয়েছেন। বহিরাগত কিছু যুবক এসে তাঁদের মারধর করেছে। একজন ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান। অন্যজনের ডান হাতের আঙুল ভেঙেছে’। অন্যদিকে, অবরোধকারীদের দাবি, বিজেপি কর্মীরা আচমকা এসে তাঁদের মারধর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। মহিলা সহ কয়েকজন অবরোধকারী আহত হয়েছেন বলে দাবি। এক অবরোধকারী বলেন, ‘আমরা এলাকার বাসিন্দা। জমা জলের সমস্যা মেটানোর দাবিতে অবরোধ করেছিলাম। দ্রুত জল সরানোর দাবিতে আমরা অনড়।’ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। শেষে মালিপাঁচঘড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিজস্ব চিত্র