


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝ আকাশে আচমকা ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। শেষপর্যন্ত বিপদ এড়াতে রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্যারিস থাকা আসা বিমান। ২৬৮ জন যাত্রী ও ১২জন ক্রু মেম্বার নিয়ে বিমানটি দুবাই যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানটি কলকাতার আকাশে বেশ কয়েকবার চক্কর দেয়। পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। এরপর বিমানটি নিরাপদে অবতরণ করে। সেটিকে ১ নম্বর টার্মিনালের ১১৫ নম্বর ‘বে’-তে রাখা হয়েছে। বিমানে থাকা আরোহীর সবাই নিরাপদে রয়েছেন। বিকেল চারটা নাগাদ যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয়। তাঁদের বিভিন্ন হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত বিমানের যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। মেরামতের কাজে কত সময় লাগবে বা যাত্রীরা কখন ব্যাংককের উদ্দেশে তাঁদের যাত্রা পুনরায় শুরু করতে পারবেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। আপাতত যাত্রীরা শহরের বিভিন্ন হোটেলেই রয়েছেন।