


ঢাকা, ১৩ মে: শেখ হাসিনার দল আওয়ামি লিগের অস্তিত্বই মোছার পথে হাঁটছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। প্রথমে আওয়ামি লিগের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে ইউনুস সরকার। এবার বাংলাদেশের নির্বাচন কমিশন আওয়ামি লিগের দলগত রেজিস্ট্রেশনও স্থগিত করে দিয়েছে। গতকাল, সোমবার রাতে এমনই জানিয়েছেন বাংলাদেশের নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামি লিগ ও তার নেতাদের বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনও রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে পারবে না দলটি। এই যুক্তিতেই হাসিনার দলের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এবার সেই পথে হেঁটেই আওয়ামি লিগের রেজিস্ট্রেশন সাসপেন্ড করল ইসি।
এই বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, স্বরাষ্ট্র দপ্তরের তরফে আওয়ামি লিগ ও তাদের নানা শাখা সংগঠনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। সেই কারণেই নির্বাচন কমিশনও পদক্ষেপ হিসেবে হাসিনার দলের রেজিস্ট্রেশন স্থগিত করেছে। ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও। যার ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামি লিগ। আর এর ফলেই চাপ বাড়ল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন মুজিব কন্যা। তিনি জানিয়েছেন, ‘মহম্মদ ইউনুসের কোনও নির্দেশ তিনি মানেন না। এই সরকারের সব সিদ্ধান্ত অবৈধ। আওয়ামি লিগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি। কে মহম্মদ ইউনুস যে আওয়ামি লিগকে নিষিদ্ধ করবে?’