


বার্সেলোনা: ইউরোপ সেরার স্বপ্ন নিয়েই ২০২৪ সালে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন হান্স ফ্লিক। দলে একঝাঁক তরুণ ফুটবলার। তাঁদের এক সুতোয় গেঁথেই ক্যাম্প ন্যুয়ে শুরু হয় জার্মান কোচের পথ চলা। দু’মরশুমে তাঁর হাত ধরে পাঁচটি ট্রফি জেতে বার্সা। তার মধ্যে রয়েছে পরপর দু’বার লা লিগা খেতাব। তবে ইউরোপ সেরার স্বপ্ন অধরাই। ২০২৪-২৫ মরশুমে দুরন্ত শুরু করেও সেমি-ফাইনালে থামে অভিযান। আর গতবার শেষ আটের লড়াই থেকে বিদায় নিতে হয় রাফিনহা-ইয়ামালদের। নতুন মরশুমে দলকে আরও ক্ষুরধার করে তুলতে রড্রি, গর্ডন, আদেমেইদের সই করিয়েছে ক্লাব। গত দু’বছরের তুলনায় ফ্লিক ব্রিগেড যে আরও বেশি শক্তিশালী, তার প্রমাণ মিলেছে লা লিগার প্রথম চারটি ম্যাচেই। দাপুটে জয়ের পাশাপাশি ১৭বার বিপক্ষের জাল কাঁপিয়েছেন বার্সা অ্যাটাকাররা। এবার চ্যাম্পিয়ন্স লিগের আসরেও সেই দাপট বজায় রাখাই লক্ষ্য কাতালন ক্লাবটির। বুধবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ফেয়েনুর্ড। বার্সার চেয়ে ধারেভারে পিছিয়ে ডাচ ক্লাবটি। তাই বড়ো জয় দিয়ে ইউরোপ সেরার অভিযান শুরু করাই লক্ষ্য রড্রিদের।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে গত দু’বারের চ্যাম্পিয়ন পিএসজি। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভা। নতুন মরশুমের শুরুটা মোটেই ভালো হয়নি এনরিকে ব্রিগেডের। লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য তার কোনো প্রভাব পড়বে না বলেই মত পিএসজি কোচের। দিনের অপর ম্যাচে নাপোলির মুখোমুখি হবে আর্সেনাল। গতবার ফাইনালে উঠলেও, খেতাব জয় অধরাই ছিল গানারদের। এবার ইউরোপ সেরার খেতাব জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে মিকেল আর্তেতা ব্রিগেড। প্রিমিয়ার লিগের অপর ক্লাব লিভারপুলের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।