


নিজস্ব প্রতিনিধি কলকাতা: বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সিপিএম নেতা লাহেক আলি। মায়ের অসুস্থতার কারণে সম্প্রতি তাঁকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। লাহেকের বিরুদ্ধে উস্কানি দেওয়ার ভিডিয়ো ফুটেজের প্রমাণ পেনড্রাইভে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ। এদিনও তা পেশ করতে পারেনি রাজ্য। যে কারণে ১২ অক্টোবর পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত।
শুনানিতে সরকারি কৌঁসুলি কল্লোল মণ্ডল আদালতে জানান, ঘটনার দিনের ভিডিয়ো ফুটেজ সংক্রান্ত পেনড্রাইভ এখনও মালখানা থেকে আনা সম্ভব হয়নি। তাই ফের আদালতের কাছে সময় চেয়ে আরজি জানান তিনি। লাহেক আলির আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লাহেক আলির যে মন্তব্যের জন্য গণপিটুনিতে মৃত্যু, থানায় আক্রমণ, গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, তার প্রমাণ কোথায়? আগের দিন প্রমাণ চেয়েছিলেন, এদিনও বিচারপতি পেনড্রাইভ চেয়েছেন। অথচ রাজ্য তা এদিনও আদালতে পেশ করতে পারেনি।’