


সলমন খানের ‘ব্যাটল অব গলওয়ান’ ছবির মুক্তি কি পিছোচ্ছে? বলিউডের অন্দরে জল্পনা তেমনই। কেন? অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির শ্যুটিং এখনও শেষ হয়নি। এর মাঝে একাধিক দৃশ্য পুনরায় শ্যুট করা হচ্ছে। ফলে নির্ধারিত তারিখের মধ্যে শ্যুটিং করে, যাবতীয় পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করা কঠিন। পাশাপাশি রয়েছে প্রচারের চাপও। ফলে ছবির মুক্তি পিছোতে পারে বলে আশঙ্কা। এর আগে নির্মাতাদের তরফে জানানো হয়েছিল, আগামী ১৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করবেন নির্মাতারা।
সূত্রের খবর, আরো একটি সমস্যা রয়েছে নির্ধারিত দিনে মুক্তির ক্ষেত্রে। যেহেতু ২০২০ সালে ভারত ও চীনের সংঘর্ষ নিয়ে ছবিটি তৈরি, সে কারণে প্রতিরক্ষা মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। সেটি পেতে দেরি হলে, মুক্তি পিছতেই হবে নির্মাতাদের। আজ, সোমবার থেকে মুম্বইয়ে এক সপ্তাহের শ্যুট শিডিউল শুরু হচ্ছে। এরপরও বেশ কয়েকটি দৃশ্য ক্যামেরাবন্দি করার পরিকল্পনা পরিচালকের। তারপরই শুরু হবে পোস্ট প্রোডাকশন। ভক্তরা এপ্রিলেই প্রেক্ষাগৃহে জওয়ান হিসেবে সলমনকে দেখতে পাবেন কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।