


নিউ ইয়র্ক: ক্লাব বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইন্তার মায়ামি। পিএসজি’র কাছে লজ্জাজনকভাবে চার গোলে হেরে মুখ পুড়েছে লায়োনেল মেসির। ম্যাচে আরও একবার সতীর্থদের ব্যর্থতায় শূন্য হাতেই মাঠ ছাড়তে হল তাঁকে। স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে বেশ বিধ্বস্ত দেখায় আর্জেন্তাইন মহাতারকাকে। পিএসজি’র কাছে এই হারের পর মেসিকে ব্যঙ্গ করতেও ছাড়েননি অনেকে। তাঁকে উদ্দেশ্য করে লেখা বেশ কিছু ব্যানার লক্ষ্য করা যায় গ্যালারিতে, যা তাঁর অস্বস্তি বাড়িয়েছে।
এমন পরিস্থিতিতে আটবারের ব্যালন ডি’ওর জয়ী তারকার হয়ে আসরে নামলেন জ্লাটান ইব্রাহিমোভিচ। রবিবার ম্যাচের পর মেসির সমালোচকদের একহাত নিলেন সুইডিশ তারকা। তিনি বলেন, ‘এই ম্যাচে একবারও মনে হয়নি যে, মেসির পাশে কোনও ফুটবলার ছিল। বরং তাদের প্রত্যেককে এক একটি মূর্তির মতো লেগেছে। ওরা তো কেউ ঠিকঠাক নড়তেই পারছিল না। পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যথাযথ রসদ এই মিয়ামি দলে নেই। তারপরেও মেসি নামক মানুষটি যখন মাঠে রয়েছে, বাকিদের অন্তত ওর জন্য লড়াই করা উচিত ছিল। কিন্তু দেখলাম, এই দলের ফুটবলাররা তো ঠিকঠাক জায়গাই নিতে পারে না। আর হারের জন্য সবাই মেসির সমালোচনা করছেন। সেটা তখনই মানা যেত, যদি ওর পাশে রোনাল্ডো, এমবাপে কিংবা ইব্রা খেলত। তাই সেই সকল সমালোচকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, মেসি কিন্তু ফুরিয়ে যায়নি। যদি আবার ওকে প্যারিস, ম্যাঞ্চেস্টার কিংবা বার্সেলোনার জার্সিতে মাঠে নামানো হয়, তখন বোঝা যাবে আসল রাজা কে!’
এদিকে, ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছল বায়ার্ন মিউনিখ। রবিবার ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে ফ্ল্যামেঙ্গোকে ৪-২ গোলে হারাল তারা। জোড়া লক্ষ্যভেদে ম্যাচের নায়ক হ্যারি কেন। এছাড়া জার্মান ক্লাবটির হয়ে স্কোরশিটে নাম তোলেন লিওন গোরেৎস্কা। অপর গোলটি এরিক পুলগারের আত্মঘাতী। ব্রাজিলিয়ান ক্লাবটির দুই গোলদাতা গারসন ও জর্জিনহো। শেষ আটের লড়ইেয়ে পিএসজি’র মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।
এদিক, ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে মঙ্গলবার জুভেন্তাসের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টের গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপেকে ছাড়াই মাঠে নেমেছিল স্প্যানিশ জায়ান্টরা। তবে জুভেন্তাসের বিরুদ্ধে দলে ফিরতে পারেন ফরাসি তারকা। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যান সিটির কাছে পাঁচ গোল হজম করেছে জুভেন্তাস। সেই ধাক্কা সামলে রিয়ালকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তুরিনের ক্লাবটি।