


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের প্রচারে এআই’য়ের (স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা) ভূমিকা সকলেরই চোখে পড়ছে। বিশেষ করে বাম প্রার্থীরা এআই ব্যবহার করে পোস্টার, ভিডিয়ো তৈরি করা শুরু করে দিয়েছেন। তা বলে ট্র্যাডিশনাল প্রচার অর্থাত্ দেওয়াল লিখন, ফ্লেক্স কিংবা বাড়ি বাড়ি গিয়ে প্রচারও পিছিয়ে নেই। এরই পাশাপাশি সামাজিক মাধ্যমে এআই ব্যবহার করে পোস্টার, ছোট আকারের ভিডিয়ো তৈরি করতে দেখা যাচ্ছে। সিপিএমের প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য এআই প্রচারকে স্বাগত জানিয়েছেন। বিজেপির প্রার্থী শতরূপার আবার তা না পসন্দ। আর তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কটাক্ষের সুরে বলেছেন, ‘যাঁদের বুথে লোক নেই তাঁরা এআই করেন।’
যাদবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ইতিমধ্যেই তাঁর প্রচারে এআইয়ের ব্যবহার হচ্ছে। বিভিন্ন পোস্টার কিংবা ছোট ভিডিয়ো ক্লিপ তৈরি হয়েছে এআই ব্যবহার করে। বামেদের বিভিন্ন সামাজিক মাধ্যমের গ্রুপেও একাধিক প্রার্থীর প্রচারে এআইয়ের ব্যবহার দেখা যাচ্ছে। বিকাশবাবু বললেন, ‘এআইয়ের ব্যবহার তো হবেই। নতুন প্রযুক্তি উঠে আসছে। তাছাড়া এর মাধ্যমে আরও অনেক বেশি মানুষের কাছেও পৌঁছনো যায়। খানিকটা খরচ কম হওয়ার বিষয়টিও রয়েছে।’ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনের সময়ও সিপিএম এআই ব্যবহার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা প্রচার করেছিল। আবার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীও তাঁর গত পাঁচবছরের কাজ নিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করেছেন।
তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বললেন, ‘বিভিন্ন প্রার্থী ব্যক্তিগতভাবে হয়ত এআইয়ের ব্যবহার করছেন। কিন্তু পার্টিগতভাবে আমরা এখনও পুরোপুরি সে দিকে যাইনি। বাংলার প্রতিটা বুথে আমাদের কমপক্ষে ১০ জন লোক আছেন। কাজেই ভোটের লড়াইয়ে আমাদের ভরসা কর্মীদের উপরই থাকছে। যাঁদের সংগঠন দুর্বল, তাঁরাই এআই বেশি ব্যবহার করেন।’ আর বিজেপি? তাঁরা কি এআই ব্যবহার করছেন প্রচারে? খুব একটা এআই ব্যবহার করতে গেরুয়া পার্টিকে দেখা যাচ্ছে না বলে দাবি। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা বললেন, ‘আমি মানুষের সঙ্গে দেখা করছি। তাঁদের সঙ্গে দেখা করেই আমাদের কথা বলছি। আমি অন্তত এআই ব্যবহার করছি না।’