


বেজিং: সুযোগ বুঝে ফের আসল চেহারায় চীন। লক্ষ্য—অরুণাচল প্রদেশ। ভারতকে চাপে ফেলতে এবার ব্রহ্মপুত্র নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন। শনিবার এই কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, তিব্বতে প্রায় ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে বাঁধটি তৈরি করা হচ্ছে। এদিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করেছেন। বিশেষজ্ঞদের কথায়, বাঁধটি তৈরি হলে ব্রহ্মপুত্রের জলের নিয়ন্ত্রণ চীনের হাতে চলে আসবে। এক্ষেত্রে ভারতের জন্য বড় বিপদ দেখা দিতে পারে। বিষয়টি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু।
সূত্রের খবর, এই প্রকল্পে সব মিলিয়ে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে। যেখান থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। যা প্রায় ৩০ কোটি মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে সক্ষম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাঁধ নির্মাণের মধ্য দিয়ে চীনের সামরিক আগ্রাসন বাড়তে পারে। এমনকী অসময়ে তারা জল ছাড়লে ভারতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, ভূতাত্ত্বিক সমস্যাও দেখা দিতে পারে। বাঁধ নির্মাণ হলে ভূমিকম্পের সম্ভাবনা আরও বাড়বে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে চীনের গতিবিধির উপর নজর রাখছে দিল্লি।