


ওয়াশিংটন, ১২ জুন: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের চিন্তাভাবনা বেলজিয়ামের গোলকিপার থিবো কুর্তোয়ার। শোনা যাচ্ছে ৩৪ বছরের এই ফুটবলার ফিফা বিশ্বকাপের পরই অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। ঘনিষ্ঠ মহলে কুর্তোয়া না কী জানিয়েছেন, এই বিশ্বকাপের পরই তার থামার সম্ভাবনা রয়েছে। দেশের হয়ে এটাই হয়ত তাঁর শেষ প্রতিযোগিতা। অবশ্য এই বিশ্বকাপে দল ভাল ফলাফল করলে ভাবনার বদল হতে পারে। সেক্ষেত্রে কোচ, চিকিৎসক এবং সতীর্থদের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল বা খেলার সঙ্গে তিনি অন্য ভূমিকায় যুক্ত থাকতে পারেন বলেই মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞ মহলের বক্তব্য, কুর্তোয়ার এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে বেলজিয়াম দলের ফোকাস ইয়ং ব্রিগেডের দিকেই। তরুণ প্রজন্মকে তুলে আনার চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। সেই সময় অভিজ্ঞ কিপারের এই সিদ্ধান্ত অভিমান না কী দলের ভালোর জন্যই প্রশ্ন উঠেছে সেই বিষয় নিয়েও। তবে অনেকেই আবার মনে করছেন গত কয়েক বছরে একাধিক চোট-আঘাত এবং শারীরিক সমস্যায় জর্জরিত রয়েছেন তিনি। তারজন্যই হয়ত বিশ্বকাপের পরে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত। অন্যদিকে, কুর্তোয়া জানিয়েছেন আসন্ন মিশরের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি এক্কেবারে ফিট। প্রসঙ্গত, বেলজিয়াম ফুটবল টিমের অন্যতম স্তম্ভ কিপার কুর্তোয়া। ২০১১ সালে ডেব্যুর পর দেশের জার্সিতে শতাধিক ম্যাচ খেলেছেন। দলের নজরকাড়া সাফল্যের নেপথ্যেও রয়েছে তাঁর অবদান।