


ব্যস্ত সময়। সকলেই ছুটছেন। কাজ, পড়াশোনা, ব্যবসার চাপে সুস্বাস্থ্যের দিকে খেয়াল রাখার সময় কই? সঙ্গে রয়েছে মোবাইল, কম্পিউটারের হাতছানি। ফলে মানুষের শরীরচর্চার সময় ক্রমশ কমছে। এমন পরিস্থিতিতে আপনার বন্ধু হয়ে উঠতে পারে মিনি সাইকেল। আকারে ছোটো হলেও এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
মিনি সাইকেল কী
• মিনি সাইকেল হল একটি ছোটো আকারের ব্যায়ামের যন্ত্র। দেখতে অনেকটা সাইকেলের প্যাডেলের মতো। এতে সাধারণত দু’টি প্যাডেল থাকে। মেঝেতে রেখে পা দিয়ে প্যাডেলটিকে ঘোরাতে হয়। সাইকেলের মতো বড়ো না হওয়ায়, একে মিনি সাইকেল বা পেডাল এক্সারসাইজ বলা হয়।
মিনি সাইকেলের ব্যবহার
• মিনি সাইকেল ব্যবহার করা ভীষণ সহজ। চেয়ার বা সোফায় বসে পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে ব্যবহার করতে হয়। আবার টেবিলের উপর রেখে হাত দিয়েও ঘোরানো যায়। এতে কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। বাড়িতে, অফিসে, এমনকি টিভি দেখতে দেখতেও এটি ব্যবহার করা যায়।
কী উপকার পাবেন?
• মিনি সাইকেল ব্যবহারে শরীরের নানা উপকার পাওয়া যায়।
প্রথমত, এটি পায়ের পেশি শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে।
দ্বিতীয়ত, নিয়মিত ব্যবহার করলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
তৃতীয়ত, ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। সুগার লেভেল নিয়ন্ত্রণের জন্য হালকা ব্যায়ামের প্রয়োজন রয়েছে। যাঁরা একেবারেই সময় পান না, তাঁরা বসে বসে কাজ করার সময় এটি কাজে লাগাতে পারেন।
চতুর্থত, বয়স্ক মানুষদের হাঁটু ও গোড়ালির জয়েন্ট ভালো রাখতে এটি খুব কার্যকর।
এছাড়া মানসিক চাপ কমাতেও মিনি সাইকেল সাহায্য করে।
মিনি সাইকেলের সুবিধা
• মিনি সাইকেলের সবচেয়ে বড়ো সুবিধা হল এটি ছোটো ও হালকা। খুব কম জায়গায় রাখা যায় এবং সহজে বহনযোগ্য। এটি ব্যবহারের জন্য বিদ্যুতের প্রয়োজন নেই। তাই যে কোনো সময় ব্যবহার করা যায়। দাম তুলনামূলকভাবে কম এবং রক্ষণাবেক্ষণের ঝামেলাও প্রায় নেই।
কারা মিনি সাইকেল ব্যবহার করবেন?
• বয়স্ক মানুষরা ব্যবহার করতে পারেন। অফিসে দীর্ঘক্ষণ বসে যাঁরা কাজ করেন, ছাত্রছাত্রী, গৃহিণী এবং যাঁরা বাইরে গিয়ে ব্যায়াম করতে পারেন না—সকলেই মিনি সাইকেল ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাঁদের একেবারেই হাঁটাচলা করা হয় না, তাঁদের জন্য এটি খুবই উপযোগী।
মিনি সাইকেলের অসুবিধা
• এর বেশ কয়েকটি অসুবিধাও রয়েছে। এটি দিয়ে পুরো শরীরের ব্যায়াম হয় না। বেশি জোরে বা ভুলভাবে ব্যবহার করলে হাঁটু বা পায়ে ব্যথা হতে পারে। তাই ধীরে ও নিয়ম মেনে ব্যবহার করাই বাঞ্ছনীয়।
দাম কত?
• ভারতে মিনি সাইকেলের দাম ১ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্র্যান্ড ও গুণমান অনুযায়ী দামের পার্থক্য দেখা যায়।
শান্তনু দত্ত