


• রোহিত শেট্টির ক্যাম্পে জায়গা পাওয়া তো আর চাট্টিখানি কথা নয়! সেই জায়গা নাকি বাংলার এই নায়কের কনফার্ম হয়ে গিয়েছে। অথচ নিন্দুকরা বলছেন, বলিউডে নাকি তাঁর প্রবেশ নিষেধ। সদ্য মুম্বইয়ের এক প্রভাবশালী নায়িকার ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। তার জেরে নায়িকার আরও প্রভাবশালী স্বামী চটেছেন। খবর পৌঁছে গিয়েছে ‘খানদান’-এও। শোনা কথা, মুম্বই ইন্ডাস্ট্রিতে তাঁর ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন এই প্রভাবশালীরা। তাহলে রোহিত শেট্টির ক্যাম্পে জায়গা পেলেন কীভাবে? বাংলার এই নায়কের মুখে কিন্তু দুষ্টুমির হাসি। বাংলার বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত থাকা নিয়ে ‘গসিপ’-এর গুগলি তিনি সামলাচ্ছেন। হবে নাই বা কেন? ক্রিকেটে তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই টলিউডে। ‘গুগলি’র উত্তরে কী সাফাই দিচ্ছেন? প্রযোজনা নিয়ে ব্যস্ততা, অভিনয় নিয়ে ব্যস্ততা— এসব কারণেই তো টানা কয়েকমাস বাংলায় রয়েছেন তিনি। নিন্দুকদের মুখে ছাই দিয়ে এবার বাংলা ছাড়িয়ে রোহিতের ছবিতেও তিনি।