


গান্ধীনগর: সুরাত থেকে কলকাতাগামী বিমানে উঠেছিলেন। কিন্তু বিমান আকশে ওড়ার আগেই নেশা চাগাড় দিয়ে উঠল। সেজন্য শৌচাগারে গিয়ে বিড়ি ধরিয়ে ‘সুখটান’ দিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। বমাল ধরা পড়লেন বিমানের বাঙালি যাত্রী। বৃহস্পতিবার অশোক বিশ্বাস নামে পশ্চিমবঙ্গের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। কর্মসূত্রে গুজরাতের নভসারিতে থাকেন তিনি।
কড়া নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাগের মধ্যে বিড়ির প্যাকেট ও দেশলাই নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন অশোক। তারপর বিমানে। প্রযুক্তিগত সমস্যার জেরে বিমানের টেক-অফে দেরি হচ্ছিল। এরইমধ্যে বিমানের এক কর্মী শৌচালয় থেকে বিড়ির গন্ধ পান। বিষয়টি তিনি সিনিয়র ও বিমানের পাইলটকে খবর দেন। ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা। অশোককে পাকড়াও করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে বিড়ির প্যাকেট ও দেশলাই উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে বিমান থেকে নামিয়ে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যাত্রীকে গ্রেপ্তার করে পুলিস।