


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে এবার ‘ওপেন মার্কেট সেলস স্কিমে’ (ওএমএসএস) সস্তায় ‘ভারত ব্রান্ড’ চাল এবং গম বিক্রির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে রেশন দোকানের মাধ্যমে বিনামূল্যের প্রকল্প প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় (পিএমজিকেওয়াই) এখন থেকে ১০ শতাংশ ভাঙা আতপ এবং ৫ শতাংশ ভাঙা সিদ্ধ চাল দেওয়া হবে। আগে যা ছিল যথাক্রমে ২৫ এবং ১৬ শতাংশ ভাঙা। গরিবদের ভালো মানের চাল সরবরাহ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র।
ওএমএসএসে কেন্দ্রীয় ভাণ্ডার, এনসিসিএফ, নাফেডের পাশাপাশি ই-কর্মাস এবং বিগ চেইনের
মতো ব্যবস্থায় এই ভারত ব্রান্ড চাল এবং গম বিক্রি করা হবে। এর আগে ভারত ব্রান্ডে আটা বিক্রি হয়েছে। এবার চাল, গম। রেশন দোকান থেকেও এই সস্তার ভারত ব্রান্ড চাল-গম ‘বিক্রি’র দাবিতে কেন্দ্রীয় খাদ্য-গণবণ্টনমন্ত্রী প্রহ্লাদ যোশিকে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘রেশন দোকানের মতো বিগ চেইন আর আছে নাকি? তাই যারা পিএমজিকেওয়াই’য়ে চাল-গম পায় না, তাদের জন্য রেশন দোকানের মাধ্যমে ভারত ব্রান্ড বিক্রি হোক। তাহলে মূল্যবৃদ্ধির আঁচ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে নাগরিকরা।’ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ওএমএসএসে ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত ব্রান্ড চালের দাম পড়বে কেজি প্রতি ২৪.৮০ টাকা। ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত দাম হবে ২৫.৫০ টাকা প্রতি কেজি।
একইভাবে ভারত ব্রান্ডের গম বিক্রি হবে প্রতি কেজি ২৫.৮৫ টাকায়। অন্যদিকে, রেশনে ভাঙা অংশ কমালেও ওপেন মার্কেট সেলস স্কিমে বেসরকারি সমবায়কে ২৫ শতাংশ ভাঙা আতপ চাল বিক্রি করা হবে ২৮.৯০ টাকা কেজি দরে। রাজ্য সরকার যদি তার কোনো প্রকল্পের
জন্য কিনতে চায়, তাহলে চাল প্রতি কেজি ২৩.২০ থেকে ২৩.৯০ টাকা দরে দেবে মোদি সরকার। গম মিলবে ২৬ টাকায়।