


মুম্বই, ১১ মে: দীর্ঘ শূন্যতা। একটানা ব্ল্যাঙ্ক পোস্ট, তারপর আজ, রবিবার অবশেষে পহেলগাঁওতে জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করলেন অমিতাভ বচ্চন। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নৃশংসভাবে ২৬ জনকে খুন করে জঙ্গিরা। তারপর ২৩ এপ্রিল থেকেই নিজের এক্স(টুইটার) অ্যাকাউন্টে একটি বাক্যও খরচ করেননি বিগ বি। শুধুমাত্র নিজের টুইট সংখ্যা লিখে ব্ল্যাঙ্ক রেখে গিয়েছেন নিজের পোস্টের অংশটি। তাতেই অবাক হন তাঁর অনুরাগীরা। সকলেরই জানা, যে অমিতাভ সোশ্যাল মিডিয়ায় দারুনভাবে সক্রিয়। কিন্তু পহেলগাঁও হামলার পর একটি বাক্যও খরচ করেননি তিনি। তবে আজ, রবিবার সবটা উজার করে দিয়েছেন।
অনেকের ধারণা পহেলগাঁওতে জঙ্গি হামলায় ক্ষুব্ধ ছিলেন তিনি। তাই রাগেই কোনও বক্তব্য লেখেননি সিনিয়র বচ্চন। কিন্তু আজ, পহেলগাঁও হামলার প্রসঙ্গ থেকে অপারেশন সিন্দুর সবটা নিয়েই নিজের বক্তব্য রেখেছেন অমিতাভ। এক্সে তাঁর লেখনিতে উঠে এসেছে পহেলগাঁওয়ের ভয়ঙ্কর ঘটনার কথা। এবং তা কীভাবে অপারেশন সিন্দুরের সৃষ্টি করল সেকথাও লেখেন তিনি। আর তারপর তুলে ধরেছেন তাঁর বাবা তথা প্রয়াত কবি হরিবংশ রায় বচ্চনের লেখা পঙক্তি। ওই পঙক্তি অমিতাভের ‘অগ্নিপথ’ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল। সেটি হল- ‘তু না থামে গা কভি, তু না মুড়েগা কভি, তু না ঝুকেগা কভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’ অর্থাৎ পহেলগাঁও হামলার কড়া জবাবের অপেক্ষাতেই ছিলেন অমিতাভ। অপারেশন সিন্দুরের পর শান্তি পেয়েছেন তিনি। তাই আজ, রবিবার এক্সে নিজের বক্তব্য পেশ করেছেন বিগ বি।