


অন্ধ্রপ্রদেশ, ১৬ অক্টোবর: কুর্নুলের শপিং মলে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ৩ তলা বিল্ডিং! শুক্রবার পার্ক রোডের কাছে এই দুর্ঘটনায় বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুরো ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।
এদিন প্রথমে আগুন দেখে ছুটে আসেন এলাকাবাসী। গলগল করে বের হতে থাকা কালো ধোঁয়ায় মুহূর্তে ঢেকে যায় গোটা আকাশ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা মুহূর্তে গ্রাস করে পুরো শপিং মলকে। ৩টে ফ্লোরের এই শপিং মলে প্রায় সব স্টল পুড়ে ছাঁই হয়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। মাথায় হাত ব্যবসায়ীদের।
শপিং মলের সামনের আবর্জনার স্তূপে আগুন লাগার পরে, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। এমনটাই প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে আপাতত তা তদন্ত সাপেক্ষ। কীভাবে এই ঘটনা ঘটেছে এবং সেই সময় ভিতরে কেউ ছিল কি না, সেটাও দেখা হচ্ছে প্রশাসনের তরফে।