


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই অপরাধমূলক কাজ আটকাতে রাজ্যে জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। তা যে শুধু মুখের কথা নয় তার প্রমাণ ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। এবার কলকাতা পুলিশের এসটিএফ রাজ্যে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল। সেই সাফল্যের কথা নিজের এক্স হ্যান্ডেলে এদিন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, সোমবার রাতে পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় কলকাতা পুলিশের এসটিএফ আন্তঃরাজ্য মাদক পাচারের একটি বড় চক্রকে রুখে দিয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, পুরুলিয়া থানার অন্তর্গত বেলকুড়ি টোল প্লাজার কাছে এনএইচ ১৮-এ একটি ট্রাক আটক করা হয়। চালকের আসনের পিছনে বিশেষভাবে তৈরি একটি গোপন খোপ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়েছে। ট্রাকটির পাশাপাশি ওড়িশা থেকে আসানসোলের দিকে যাওয়া দুটি এসকর্ট গাড়িকেও আটক করা হয় এবং মোট ৭ জনকে আটক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, অবৈধ মাদক পাচার এবং আমাদের যুবসমাজ ও সমাজের নিরাপত্তা ও কল্যাণের জন্য হুমকিস্বরূপ যেকোনো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার 'জিরো-টলারেন্স' বা কঠোর অবস্থান বজায় রাখে। আমাদের পুলিশ কর্মীদের নিরলস সতর্কতা ও নিষ্ঠার আমি প্রশংসা করি। আমরা কঠোর হাতে অপরাধী চক্রগুলিকে নির্মূল করার প্রক্রিয়া অব্যাহত রাখব।