


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম প্রস্তুতি ম্যাচ তখন প্রায় শেষ লগ্নে। মাঝমাঠে সাহালের থেকে পাওয়া বল ধরে হঠাৎই গতি বাড়ালেন দিমিত্রি পেত্রাতোস। এরপর কোমরের ঝাঁকুনিতে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে মাটি ধরিয়ে তাঁর প্লেসিং পোস্টে লেগে বাইরে গেল। হতাশায় দিমি শূন্যে হাত ছোড়ার আগে দু’হাতে মুখ ঢেকে আপশোসে ঘাড় নাড়লেন জেভিয়ার পায়াস। মোহন বাগানের প্রস্তুতি ম্যাচ দেখতে শনিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির প্রাক্তন সবুজ-মেরুন স্ট্রাইকার। এরপর আক্ষেপের সুরে তাঁর বিশ্লেষণ, ‘অ্যাঙ্গেল আর টাইমিংটা ভুল হল।’ যদিও তার আগে বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে দু’টি গোল করে ফেলেছেন দিমিত্রি। মোহন বাগান জিতল ৬-০ ব্যবধানে। দিমি ছাড়াও লক্ষ্যভেদে সফল ম্যাকলারেন, মেহতাব, সাহাল এবং রবসন। দ্বিতীয় ম্যাচে ব্যারাকপুর স্পোর্টস ক্লাবকে ১০ গোলের মালা পরাল সের্গিও লোবেরা ব্রিগেড। হ্যাটট্রিক সহ পাঁচ গোলের মালিক জেসন কামিংস। এছাড়াও স্কোরশিটে নাম তুললেন দীপক টাংরি, মনবীর সিং, সুহেল ভাট ও কিয়ান নাসিরি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও লক্ষ্যভেদে সফল সাহাল।
প্রথম প্রস্তুতি ম্যাচে আপফ্রন্টে তিন বিদেশি ব্যবহার করলেন স্প্যানিশ কোচ লোবেরা। লেফট উইংয়ে রবসন, সেন্ট্রাল মিডফিল্ডে দিমিত্রি ও সিঙ্গল স্ট্রাইকারে ম্যাকলারেন। সেক্ষেত্রে রক্ষণে আলবার্তো রডরিগেজের সঙ্গী মেহতাব। পাশের মাঠ থেকে তাঁদের দিকে নজর রাখলেন মিগুয়েলরা। দ্বিতীয় ম্যাচেও রক্ষণের ফর্মেশন একই থাকল। এই পর্বে আপফ্রন্টে নজর কাড়লেন কামিংস। মনবীর সিংয়ের সঙ্গে জায়গা বদল করে তিনি বিপদে ফেলেন প্রতিপক্ষকে। ম্যাচ শেষে ফুটবলাদের পিঠ চাপড়ে ড্রেসিং-রুমে পাঠালেন কোচ লোবেরা। বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট, তাঁর ফিটনেস পরীক্ষায় প্রায় সকলেই লেটার মার্কস পেয়ে পাস করেছেন।