


সংবাদদাতা, বালুরঘাট: জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে দাদাকে কোদাল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম বিপুল সরকার (৬২)। অভিযুক্ত ভাইয়ের নাম দিলীপ সরকার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পৈতৃক জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। এই নিয়ে মাঝেমধ্যেই বচসা ও অশান্তি লেগেই থাকত দুইজনের মধ্যে। আজ বিপুল সরকার জমিতে কাজ করতে যাওয়ার সময় ফাঁকা জায়গায় আচমকা কোদাল দিয়ে তার মাথায় আঘাত করে ভাই। আঘাতের ফলে গুরুতর জখম হন তিনি। এরপর ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিপুল। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ। এরপর মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান তাঁরা। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করার পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ.