


পাটনা: বিজেপির টিকিটে জিতে দেশের সর্বকনিষ্ঠ বিধায়ক হয়েছেন লোকসংগীত গায়িকা মৈথিলী ঠাকুর। সোমবার বিহার বিধানসভার অধিবেশনে নিজের কেন্দ্র আলিনগরের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হতে দেখা গেল তাঁকে। অভিযোগ, আলিনগরের সরকারি হাসপাতালের অবস্থা অত্যন্ত শোচনীয়। এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্নও করেন মৈথিলী। কিন্তু মন্ত্রীর উত্তরে তিনি সন্তুষ্ট হননি। জানান, ‘লিখিত উত্তরে বলা হয়েছে হাসপাতালগুলির অবস্থা খুব একটা খারাপ নয়। শুধুমাত্র মেরামতির প্রয়োজন। কিন্তু আমি নিজে গিয়ে দেখে এসেছি বাস্তব অবস্থা।’ তাঁর অভিযোগ, ‘হাসপাতালের দেওয়ালে বড় বড় ফাটল। ছাদ থেকে প্লাস্টার খসে পড়ছে। বর্ষাকালে ওয়ার্ডের ভেতরে জলও ঢুকে যায়।’ বিধায়ক আরও বলেন, এই হাসপাতালের উপর আশপাশের কয়েকটি ব্লকের হাজার হাজার মানুষ নির্ভরশীল। অথচ সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। চিকিৎসা পরিকাঠামো জরাজীর্ণ। তাঁর প্রশ্ন, প্রতি বছর স্বাস্থ্য খাতে বাজেট বাড়লেও কেন গ্রামীণ এলাকার হাসপাতালগুলির এই দুরবস্থা কাটছে না? শাসক শিবিরের বিধায়কই এভাবে প্রশ্ন তোলায় প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি-জেডিইউ সরকার।
উল্লেখ্য, মৈথিলী আলিনগরের ভূমিকন্যা। নির্বাচনের আগে এই বিষয়টাকে সামনে রেখে প্রচার সেরেছিলেন। বিধানসভায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাঁর অভিযোগ প্রসঙ্গে মৈথিলী আরও বলেন, ছোট থেকেই স্বাস্থ্যমন্ত্রীর কাজ তিনি দেখে আসছেন। সরকারি হাসপাতাল সম্পর্কে তাঁর মন্তব্য কেবল প্রশ্ন নয়, বরং জনসাধারণের আবেদন। পরে স্বাস্থ্যমন্ত্রীর তরফে আলিনগরের সরকারি হাসপাতাল নিয়ে বিধায়কের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।