


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউনের বিশ্ব বাংলা গেটের সামনে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বাইক আরোহী। বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে যাত্রাগাছি মেট্রো স্টেশন সিগন্যালে। ঘটনায় কামারহাটির বাসিন্দা বাইকচালক শিবা রাও (৩৩) প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, একটি কালো রঙের গাড়ি ইকো পার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে আসছিল। সেই সময় বিশ্ব বাংলা গেট থেকে আচমকা একটি সাদা গাড়ি ইউ-টার্ন নিয়ে উলটো পথে চলতে শুরু করে। যদিও সেইসময় ওই রাস্তার সিগন্যাল সবুজ ছিল। ফলে, আচমকা গাড়িটিকে আসতে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কালো গাড়ির চালক। সাদা গাড়িকে সজোরে ধাক্কা মারেন তিনি। তারপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে একের পর এক গাড়িতে ধাক্কা মারেন কালো গাড়ির চালক। সেইসময় বাইক নিয়ে ওইখানেই ছিলেন শিবা। কালো গাড়িটির নীচে ঢুকে যায় চালক সহ বাইকটি। চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
সাদা ও কালো গাড়ির চালককে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ড। প্রসঙ্গত, গত দু’মাসে বিধাননগর কমিশনারেটের এলাকায় পথ দুর্ঘটনায় মোট ১০ জন প্রাণ হারালেন। তার মধ্যে শুধু নিউটাউনেই ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সল্টলেক ও রাজারহাটে একজন করে মারা গিয়েছেন। স্বাভাবিকভাবেই ওই এালাকার সার্বিক পথ নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন।