


ওয়াশিংটন: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন মামলায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের। এই মার্কিন ধনকুবের জানিয়েছেন, তিনজন মহিলার সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে এপস্টাইন তাঁকে ব্ল্যাকমেলের ছক কষেছিলেন। এপস্টাইনের কার্যকলাপ ও তার সঙ্গে জড়িতদের বিষয়ে মার্কিন কংগ্রেসের ওভারসাইট কমিটি তদন্ত চালাচ্ছে। এপস্টাইনের সঙ্গে গেটসের অতীত সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার পর গত ১০ জুন তিনি নিজেই কমিটিকে গোপন স্বীকারোক্তি দেন। মঙ্গলবার সেই স্বীকারোক্তির একটি প্রতিলিপি প্রকাশ্যে এসেছে। গেটস জানিয়েছেন, তাঁর সঙ্গে রাশিয়ার ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনভা এবং পরমাণু বিজ্ঞানী করিমা নিগমাতুলিনার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা এপস্টাইন আগেই জেনে গিয়েছিলেন। পরে হার্ভার্ড মেডিকেল স্কুলের ডক্টরেট অ্যালিস জ্যাকব নেসেলরডটের সঙ্গে গেটসের সম্পর্কের কথাও জানতে পারেন এপস্টাইন। তারপরই গেটসকে ব্ল্যাকমেলের ছক কষতে শুরু করেন ওই যৌন অপরাধী। উল্লেখ্য, জেলে বন্দি থাকাকালে মৃত্যু হয় এপস্টাইনের।
গেটস স্বীকারোক্তিতে বলেছেন, ‘বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি আমার পরিবারের জন্য বেদনাদায়ক ছিল।’ গেটস বলেন, ‘এপস্টাইন তিনটি সম্পর্কের বিষয়টির সঙ্গে আরও নানা মিথ্যা তথ্য জুড়ে আমাকে তাঁর সঙ্গে ফের যোগাযোগ করতে বাধ্য করেন।’ তিনি জানিয়েছেন, চার বছরের মধ্যে এপস্টাইনের সঙ্গে তিনি ১২ থেকে ১৪ বার দেখা করেছিলেন। ২০০৮ সালে এপস্টাইন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরেও যোগাযোগ ছিল।
তবে এপস্টাইনের অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত ছিলেন না বলে দাবি গেটসের। তিনি বলেছেন, এপস্টাইন তাঁকে শেষ পর্যন্ত ব্ল্যাকমেল করেননি। কিন্তু এপস্টাইনের লেখা খসড়া ইমেল থেকে এই চেষ্টার বিষয়টি স্পষ্ট। একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে তাঁর যৌন রোগে আক্রান্ত হওয়ার যে দাবি এপস্টাইন করেছিলেন, তা খারিজ করে দিয়েছেন গেটস।