


সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ফের জয়ী হল বিমল কুমার মাজির নেতৃত্বাধীন প্যানেল। ১৫টি আসনের মধ্যে ১৩টি আসনে জয় পেয়েছে বিমলকুমার মাজির প্যানেল। বাকি দুটি আসনে জয় পেয়েছে বিরোধী শিবির।
শুক্রবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা রাত ধরে ভোট গণনা হয়। বার অ্যাসোসিয়েশনের মোট ভোটার ছিলেন ৩৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৫৮টি। সম্পাদক পদে বিমল কুমার মাজি ২২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলকেশ সুকুল পেয়েছেন ১৩২টি ভোট। এই নিয়ে পর পর তিনবার বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে জয়ী হলেন বিমলবাবু। ২০১৮ ও ২০২৩ সালের পর ২০২৬ সালেও সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন তিনি। বিমলবাবু একাধিকবার হলদিয়া পুরসভার কাউন্সিলর হয়েছেন। এবারের নির্বাচনে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে পৃথ্বীশ দে, সহ-সভাপতি পদে বিপ্লব জানা ও মধুমিতা ভট্টাচার্য এবং সহ-সম্পাদক পদে সন্দীপ কুমার জানা ও সুদীপ্তা মণ্ডল নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিরোধী শিবির থেকে হিসাবরক্ষক পদে কাঞ্চন কুমার খাঁড়া এবং মহিলা সংরক্ষিত সহকারী লাইব্রেরিয়ান পদে চান্দ্রেয়ী দত্ত বিশ্বাস জয়ী হন।