


নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভোটের মুখে ময়না বিধানসভায় ধাক্কা খেল বিজেপি। ওই বিধানসভার অধীন শ্রীরামপুর-১গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শুভ্রা ঘোড়ই এবং গেরুয়া শিবিরের সদস্য রাজু বর্মণ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আজ, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টা নাগাদ তমলুকের নিমতৌড়িতে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি সুজিত রায়, এবং জেলা কমিটির চেয়ারপার্সন অসিত বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ময়না বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলি, জেলা ওবিসি এসসি সেলের চেয়ারপার্সন তৃপ্তি বর্মণ খাঁড়া-সহ প্রমুখরা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নে শামিল হতেই জোড়াফুলে যোগদান বলে জানিয়েছেন শুভ্রা ঘোড়ই।