


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থীরা। আরামবাগ ও গোঘাটের বাম প্রার্থীরাও মঙ্গলবার জনসংযোগ শুরু করেন।
সোমবারই বিজেপি আরামবাগ মহকুমার চার বিধানসভায় প্রার্থী তালিকা ঘোষণা করে। পুরশুড়া ও খানাকুল বাদে দু’টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্টও। তারপর এদিন সকালে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার চার প্রার্থী কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে যান। সঙ্গে তারকেশ্বর ও চন্দ্রকোণা বিধানসভার পদ্ম প্রার্থীরাও যোগ দেন। তাঁরা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে পুজো দেন। আশীর্বাদ নিয়ে নেমে পড়েন প্রচারে। প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মীরাও ছিলেন। কামারপুরে পুজোর পরে প্রার্থীরা নিজেদের কেন্দ্রে যান। সেখানে তাঁরা প্রচার করেন।
গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার কামারপুকুর এলাকায় স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এদিন। পরে পশ্চিমপাড়া পঞ্চায়েত এলাকায় গিয়েও দলীয় কর্মীদের সঙ্গে চলে আলোচনা। নিজের গ্রাম সেলামপুরেও যান প্রশান্তবাবু। অন্য বিজেপি প্রার্থীরাও নিজেদের কেন্দ্রে দিনভর কর্মীদের সঙ্গে বৈঠক, জনসংযোগ সারেন। অন্যান্য বিজেপি প্রার্থীদের মধ্যে পুরশুড়ার বিমান ঘোষ এদিন সোদপুর এলাকায় প্রচার সারেন।
উল্লেখ্য, আরামবাগ ও গোঘাট বিধানসভায় প্রার্থীবদল করেছে গেরুয়া শিবির। এই দুই আসনের বিজেপির বিদায়ী বিধায়করা দলীয় টিকিট পাননি। যা নিয়ে মহকুমাজুড়ে জোর চর্চা চলছে।
এই প্রসঙ্গে আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বলেন, টিকিট দেওয়ার সিদ্ধান্ত দলের। বিদায়ী বিধায়ক কাজের মানুষ। তিনি আমাদের নেতা ছিলেন। আগামী দিনেও থাকবেন। তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে গিয়েছিলাম। কিন্তু তিনি অসুস্থ থাকায় চিকিৎসকের কাছে গিয়েছেন। তাই বিকেলে ফের যাব। বিদায়ী বিধায়ক ভোটের প্রচার, গণনা সব জায়গাতেই থাকবেন। মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ফলে আরামবাগে ফের বিজেপিই জিতবে। যদিও এই প্রসঙ্গে আরামবাগের বিদায়ী বিধায়ক মধুসূদন বাগের এদিনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
অন্যদিকে, এদিন আরামবাগের সিপিএম প্রার্থী বীথিকা পন্ডিতও দিনভর নানা জায়গায় প্রচার করেন। এদিন সকালে তিরোল পঞ্চায়েতের পুইন গ্রামে প্রচার করেন বাম প্রার্থী। বিকেলে আরামবাগ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগ সারেন। বাসুদেবপুর থেকে শুরু করে গৌরহাটি মোড়, সবজি বাজার, বাসস্ট্যান্ড হয়ে বসন্তপুর সংলগ্ন এলাকায় জন সংযোগ সারেন প্রার্থী। প্রচার শেষে বাম প্রার্থীর দাবি, প্রচারে মানুষের ভালো সাড়া পেয়েছি।
গোঘাটের ফব প্রার্থী মুক্তারাম ধাউড়েও এদিন জনসংযোগ কর্মসূচি করেন। তিনি এদিন সকালে সাওড়া এলাকায় জন সংযোগ করেছেন বলে জানান।