


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলু, ধান, পাটের লাভজনক দাম, এসআইআরে বাদ দেওয়া বৈধ ভোটারদের নাম তোলাসহ একাধিক দাবি নিয়ে আগামী সোমবার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে সংযুক্ত কৃষক মোর্চা। সেখানে গ্রাম থেকে আলুচাষিরা আলু এনে বিক্রি করবেন। পাশাপাশি রানি রাসমণি রোডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন তাঁরা। দুপুরে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে নেতানেত্রীদের পাশাপাশি বক্তব্য রাখবেন কৃষকরাও। শনিবার বিকালে কলকাতার হরেকৃষ্ণ কোঙার ভবনে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছে কিষান মোর্চা নেতৃত্ব। উপস্থিত ছিলেন কার্তিক পাল, অমল হালদার, পরেশ পাল প্রমুখ। তাঁরা বলেন, ‘এই সরকার ভোটের আগে যা প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করছে না। এখন তো ডবল ইঞ্জিন সরকার। প্রতিশ্রুতি ভুলে গিয়ে ডবল ইঞ্জিন সরকারের আঘাতে গরিব মানুষের জীবন বিপন্ন।’
এদিকে, শুক্রবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফসলের অতিরিক্ত সহায়ক মূল্যর কথা ঘোষণা করেছেন। কিন্তু বাম কৃষক নেতারা বলছেন, ‘বাজেটে তো ৩০০ টাকা বলা হয়েছিল। তারপর ওরা বলল সেটা নাকি সামনের বছর। কৃষকের স্বার্থ দেখা হচ্ছে না। ১২ জন আলুচাষি ইতিমধ্যে আত্মহত্যা করেছেন। যাঁরা বেঁচে থাকবেন, তাঁরা হয়তো ওই সহায়ক মূল্য পাবেন।’ কৃষক নেতাদের বক্তব্য, বিশেষ করে আলুর ক্ষেত্রে ফড়ে বা মধ্যসত্ত্বভোগীদের কারণে সাধারণ মানুষের হাতে যে দামে আলু আসছে, তা তুলে ধরা হবে। এই ফড়েদের নিয়ন্ত্রণ করবে কে?