


সংবাদদাতা, বোলপুর: বিজেপির বুথ সভাপতির ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইলামবাজারের ধরমপুর অঞ্চলের একোনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একোনা গ্রামের বিজেপির বুথ সভাপতি শেখ ইজাজুলের বাড়ি রয়েছে এলাকায়। তাঁর বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁর ভাই শেখ আশরাফুলের বাড়ি। এদিন রাতে অঞ্চল কমিটির দায়িত্বে থাকা কয়েকজন ওই বাড়িতে চড়াও হন। এরপর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
আশরাফুলের অভিযোগ, বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে অ্যাজবেস্টারের ছাউনি পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।এই ঘটনার পর ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আশরাফুল। তবে কেন এই হামলা, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।