


সংবাদদাতা, নবদ্বীপ: প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নবদ্বীপে মহাযজ্ঞ অনুষ্ঠিত হল। বুধবার সাড়ে ১১টা থেকে নবদ্বীপ পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সরকার পাড়া নিশান ক্লাবের মাঠে বিজেপির পক্ষ থেকে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। প্রায় দেড় ঘন্টা এই মহাযজ্ঞ চলে। তারপর প্রায় ২০০০ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের দাবি, ভারতের ইতিহাসে নরেন্দ্র মোদী সর্বাধিক সময় ধরে অর্থাৎ একটানা ৪৩৯৯ দিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। সেইজন্য তাঁর সার্বিক মঙ্গল কামনায় এই মহাযজ্ঞের আয়োজন। এদিন যজ্ঞের জন্য ২৫ কেজি বেল এবং শাল কাঠ, চার কেজি ঘি, চার কেজি আতপ চাল, এক কেজি কালো তিল, এক কেজি যব, তাছাড়া পাঁচ রকমের ফল, পান সুপারি হরতকি সহ বিভিন্ন যজ্ঞের উপকরণ ছিল। এই মহাযজ্ঞের মূল পুরোহিত ছিলেন পরাশর রামানুজ মহারাজ। তাঁর সঙ্গে ছিলেন আরও দু’জন পুরোহিত। বিজেপির নবদ্বীপ দক্ষিণ মণ্ডলের সম্পাদক অয়ন বিশ্বাস বলেন, যজ্ঞের পর সকলের মধ্যে খিচুড়ি, পাঁচরকম তরকারি, পায়েস, প্রসাদ বিতরণ করা হয়। নবদ্বীপ বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মহাযজ্ঞ দেখতে হাজির হয়েছিলেন। প্রবীণ বিজেপি নেতা কমল রায় বলেন, ১৯৭৯ সাল থেকে আরএসএস স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত। তারপর ৯৮ সালে আমাকে বিজেপিতে নেওয়া হয়েছে। প্রচারক এবং বিস্তারক হয়ে তিনবছর ছিলাম। আজ নরেন্দ্র দামোদরদাস মোদিজি ভারতের যত প্রধানমন্ত্রী ছিলেন তার মধ্যে সর্বাধিক কালের মেয়াদ আজকে পূরণ করলেন। জওহরলাল নেহরুকে ছাড়িয়ে আজ একদিন এগিয়ে গেলেন। মোদিজীর দীর্ঘায়ু কামনায় আমরা এই মহাযজ্ঞের আয়োজন করেছি। নবদ্বীপের বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী বলেন, আমাদের প্রধানমন্ত্রী আজ ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে পূরণ হচ্ছে যেটা রেকর্ড। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্ণা নন্দী, বিজেপির নবদ্বীপ দক্ষিণ মণ্ডলের সভাপতি সমীর রায়, উত্তর মণ্ডলের সভাপতি শংকর দেবনাথ সহ বিজেপির দলীয় নেতাকর্মীরা।