


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখে উত্তরবঙ্গ উন্নয়নের কথা বলছেন বিজেপি বিধায়করা। অথচ কার্যক্ষেত্রে বাংলার মানুষের স্বার্থ বিসর্জন দিচ্ছেন তাঁরা। বিজেপি বিধায়কদের দিল্লি সফরের আগে এমনই অভিযোগ আনলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় পাস হাওয়া ইন্দো-ভুটান নদী কমিশন গঠন সংক্রান্ত একটি প্রস্তাব টেনে এনে বিজেপিকে খোঁচা দিলেন তিনি। বিশেষত, উত্তরবঙ্গের উন্নয়নে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিয়েছেন রাজ্য বিজেপির দশজন বিধায়ক। ৩১ মার্চ তাঁদের যাওয়ার কথা। দিল্লিতে গিয়ে স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েত এবং বিমান পরিবহণসহ কয়েকটি মন্ত্রকের মন্ত্রী কিংবা সচিবদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁদের।
বিজেপি বিধায়কদের বক্তব্য, উত্তরবঙ্গ উন্নয়ন-বঞ্চিত। সেটাই তুলে ধরা হবে। কিন্তু বিজেপির এই অভিযোগ অস্বীকার করে উন্নয়নের কর্মকাণ্ডের পাল্টা ফিরিস্তি তুলে ধরেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে ছুটে যাওয়া এবং সেখানকার জন্য বিপুল কর্মযজ্ঞের কথা জানান তিনি। গত জুলাইতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস হওয়া একটি প্রস্তাবের উল্লেখ করেন তিনি। ভুটান থেকে আসা নদীর জলে উত্তরবঙ্গের একাধিক জেলায় বাড়ি, কৃষিজমি, বনাঞ্চল প্রভৃতির ক্ষতি হচ্ছে, দাবি করা হয়েছে প্রস্তাবে। তার প্রেক্ষিতে একটি ইন্দো-ভুটান নদী কমিশন গঠনের ব্যাপারে আলোচনা হয়।
এই বিষয়ে যথাযথ পদক্ষেপের জন্য সর্বদল প্রতিনিধিরা দিল্লি যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৃণমূল উদ্যোগী হলেও বিজেপি ক্রমাগত অনীহা প্রকাশ করে গিয়েছে। শোভনদেব বলেন, এতদিন বিজেপির টালবাহানা আর অনিচ্ছাই লক্ষ করা গিয়েছে। আর এখন বিজেপি বিধায়করা সেই ইস্যুতেই দিল্লি যাবেন বলছেন! আসলে, বাংলার স্বার্থকে বিসর্জন দিয়েই ওঁরা পিঠ বাঁচাতে চাইছেন। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে যোগ্য জবাবই দেবে।