


সংবাদদাতা, শীতলকুচি: ফোন করে ডেকে এনে ব্যবসায়ীর ছেলেকে অপহরণ। দুই লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে। ঘটনায় নাম জড়িয়েছে এক বিজেপি নেতার। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শীতলকুচি ব্লকের বামনপাড়া গ্রামের ব্যবসায়ী সইজার মিয়াঁ।
সইজার মিয়াঁ বলেন, গত শনিবার আমি বাজার করে বাড়িতে ফিরে আসি। আমার বড়ো ছেলে ইসমাইল মিয়াঁ গোঁসাইরহাট বাজারে ধানহাটিতে ছিল। সন্ধ্যায় ওকে কেউ ফোন করে শীতলকুচি সেন্ট্রাল ব্যাংকের সামনে আসতে বলে। সেইমতো সেখানে পৌঁছনোর পর বিডিও অফিস সংলগ্ন এলাকায় যেতে বলে। সেখানে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতী জোর করে ছেলেকে বাইকে তুলে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে ছেলেকে মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকার দাবি করে। ২ লক্ষ টাকা মুক্তিপণ দিলে গভীর রাতে ছেলেকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি। আমরা আতঙ্কে রয়েছি। অভিযোগপত্রে একটি মোবাইল নম্বর দিয়েছি।
অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, ওই নম্বর থেকে তাঁর ছেলেকে ফোন করে ডেকে নিয়ে যায়। জানা গিয়েছে ওই নম্বরটি বিজেপির ২৩০ নম্বর বুথ সভাপতি দীপু বর্মনের। ফলে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এ প্রসঙ্গে বিজেপি নেতা দীপু বর্মন বলেন, আমি সইজার মিয়াঁকে চিনি না। কী বিষয় রয়েছে সেটাও জানি না। এবিষয়ে বিজেপির ৬ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক কমলকান্তি রায় বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে আইন আইনের পথে চলবে। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।