


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিজেপিকে ভোট দিলে ৪৮ ঘণ্টার মধ্যে ঢুকবে ৩ হাজার টাকা! প্রথম দফার ভোটের দিন ‘যুবশক্তি ভরসা কার্ডে’র ফর্ম ফিলআপ করিয়ে এমনই প্রলোভন দেখানো এবং বিধিভঙ্গের অভিযোগ উঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। এ ব্যাপারে বৃহস্পতিবার এক মহিলা লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ ওইদিনই অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মানস ভারতী। ধৃতের বিরুদ্ধে বিএনএসের ১৭৪ এবং ২২৩ ধারায় মামলা রজু করা হয়েছে। ঘটনায় অস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
লেকটাউন বিধাননগর বিধানসভার অন্তর্গত। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোট। বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ ছিল। অভিযোগকারিণী মহিলা পুলিশকে জানিয়েছেন, বুধবার লেকটাউনের স্বামীজি সরণি গোয়ালা বাগান এলাকায় ওই বিজেপি কর্মী দলের প্রচারপত্র বাড়ি বাড়ি বিলি করছিলেন। তখনই ফর্ম ফিলআপ করাচ্ছিলেন। অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘যুবশক্তি ভরসা কার্ডে নামের একটি ফর্ম পূরণ করে বিজেপিকে ভোট দিলে ৪৮ ঘণ্টার মধ্যে ৩০০০ টাকা প্রত্যেকে পাবে বলে প্রলুব্ধ করছিলেন।’ এই ঘটনার পর এলাকার লোকজন তাঁকে নিষেধ করেন। নির্বাচন প্রক্রিয়া চলছে। এখন ফর্ম ফিলআপ করানো মানে বিধিভঙ্গ। স্থানীয়দের বাধায় তিনি চলে যান। তারপর বৃহস্পতিবার ফের এই কাজ করছিলেন বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। অভিযুক্তকে আটক থানায় নিয়ে যায়। তারপর লিখিত অভিযোগের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।