


সংবাদদাতা, ঘাটাল: দাসপুর কেন্দ্রে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। কোনও জাঁকজমকপূর্ণ মঞ্চ বা দলীয় সভা নয়, স্রেফ জনসংযোগের রাস্তাতেই বিজেপির ঘর ভাঙল তৃণমূল। শনিবার সকালে দাসপুর-২ ব্লকের জোতঘনশ্যাম পঞ্চায়েতের গিরিবালা বুথে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, শাসক শিবিরের প্রার্থী আশিস হুদাইত যখন এলাকায় বাড়ি, বাড়ি প্রচারে ব্যস্ত ছিলেন, তখনই বিজেপির বেশ কয়েকজন দাপুটে ও লড়াকু কর্মী তাঁর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে বুথভিত্তিক প্রচারে বেরিয়েছিলেন আশিসবাবু। ভোটারদের দুয়ারে পৌঁছে যখন তিনি রাজ্যের খতিয়ান তুলে ধরছিলেন, তখনই বিজেপির বেশ কয়েক জন লড়াকু নেতা ও কর্মী তাঁর কাছে এসে স্বেচ্ছায় তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। প্রার্থীর হাত থেকেই তাঁরা দলীয় পতাকা নেন। নবাগতদের দলে স্বাগত জানিয়ে তৃণমূল প্রার্থী আশিস হুদাইত বলেন, বিজেপির ছয় লড়াকু সৈনিক আজ আমাদের দলে শামিল হয়েছেন।দলত্যাগী কর্মীদের দাবি, বিজেপির অন্দরে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। অন্যদিকে, ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন দত্তের কথায়, জেতার কোনও আশা নেই দেখেই তৃণমূল এখন নিজেদের কর্মীদের হাতেই পতাকা তুলে দিয়ে বাইরের লোকেদের দলবদল দেখাচ্ছে।