


রাজু চক্রবর্তী, কলকাতা: বছর ঘুরলেই বঙ্গে বিধানসভা ভোট। ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে এখন দেশ উত্তাল। বিতর্ক চলছে সংসদ থেকে চায়ের দোকেনে। তারই মাঝে ভোটার তালিকা সংশোধনের কাজে বিজেপি কর্মীদের জন্য নয়া ফরমান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যো ভোটার তালিকা নিয়ে যখন নির্বাচন কমিশন কাজ করবে, সেই সময় দলীয় প্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি যাবে সংশোধিত ভোটার তালিকার কাজ করতে। তখন দলের পক্ষে সব জায়গায় সংশ্লিষ্ট দলীয় প্রতিনিধিদের হাজিরা কার্যত বাধ্যতামূলক।
বিএলও’রা নিয়ম মেনে কাজ করছে কি না, নজরদারি চালাতে হবে। জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজে কোনও অস্থায়ী কর্মীকে নিয়োগ করা যাবে না। তবে পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশ মানছে না বলে অভিযোগ। এই ধরনের ত্রুটি-বিচ্যুতি সংক্রান্ত অভিযোগ দলের সরল আ্যপে নথিভুক্ত করতে হবে। এই সরল অ্যাপ বিজেপির নির্বাচন সংক্রান্ত দলীয় পরিসংখ্যানের ব্যাঙ্ক। গোটা দেশজুড়ে কেন্দ্রীয় শাসকদলের বিভিন্ন গুরূত্বপূর্ণ কাজ চলে এই অ্যাপের মাধ্যমে। ভোটার তালিকা নিয়ে কর্মীদের গোয়েন্দাগিরির নিদান দিয়েছেন স্বয়ং অমিত শাহ। সম্প্রতি দিল্লীতে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সহ একঝাঁক নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এই শাবি নির্দেশ এসেছে। এই প্রক্রিয়া চলবে ধারাবাহিক। অর্থাৎ প্রতিদিন দলের নেতাদের জানাতে হবে বর্তমান স্টেটাস। কেন্দ্রীয় ভাবে তা সরল অ্যাপে নথিভুক্ত হবে। যা দেখে কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন, কোন ইস্যু নিয়ে সর্বাত্মক নির্বাচন কমিশনে অভিযোগ জানান হবে। দলীয় পর্যায়ে এই প্রক্রিয়া সারতে জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির চলবে। বিজেপি সূত্রে খবর, আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের গোড়ায় বাংলায় ভোটার তালিকা সংশোধন কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই মতো বঙ্গ বিজেপিকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার বার্তা দিয়েছে দিল্লি পার্টি।