


নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একেইে বলে সর্ষের মধ্যে ভূত। রক্তের কালোবাজারি নিয়ে তদন্তে পুলিশের জালে সরকারী হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মী। রাজ্য জুড়ে রক্তের কালোবাজারি নিয়ে তদন্তে নেমেছে পুলিশের দুর্নীতি দমন শাখা। এবার অবৈধভাবে রক্ত বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালের তিন জন ল্যাবরেটরি টেকনিশিয়ানকে গ্রেপ্তার করলো দুর্নীতি দমন শাখা। ধৃতরা হল, সুশান্ত দাস, মান্তু দাস ও নজরুল ইসলাম। সম্প্রতি রোগী ও তাদের পরিবারদের কাছে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে এক দালালকে গ্রেফতার করা হয়।
তদন্ত থেকে উঠে আসে ওই দালাল ছাড়াও এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও কয়েকজন দালাল এবং গ্রেপ্তার হওয়া এই তিনজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। পুলিশ সূত্রে খবর দালালরা এই তিন টেকনিশিয়ানকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছিল।
পাশাপাশি জানা গেছে, রক্তদান শিবির আয়োজনকারী বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছ থেকে এই দালালরা ১০০ থেকে ১০০ টাকার বিনিময় রক্তদাতার কার্ড কিনত। রোগী ও তাদের পরিজনদের কাছে থেকে পাওয়া টাকা দালাল এবং ল্যাবরেটরি টেকনিশিয়ানদের মধ্যে ভাগাভাগি হতো বলে অভিযোগ। এই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তিনজন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করলো দুর্নীতি দমন শাখা।