


আমাদের এই পৃথিবী সত্যিই এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছেন কমলিনী চক্রবর্তী।
কাওয়া ইজেন হ্রদটির নাম শুনেছ কখনো? যারা শোনোনি, তাদের বলি, এই হ্রদ ইন্দোনেশিয়ায় অবস্থিত। জাভার পূর্বদিকে এক পাহাড়ের উপর একটা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। নাম ইজেন আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরির মুখের কাছে এই হ্রদের অবস্থান। একেবারে ফিরোজা মণিখণ্ডের মতো এই হ্রদের জলের রং। চোখ ধাঁধানো সৌন্দর্য এই হ্রদটিকে বিখ্যাত করে তুলেছে পর্যটকদের কাছে। এখানেই শেষ নয়, রহস্য আরও আছে। রাতে এই হ্রদের গায়ে নীল রঙের আগুন জ্বলতে দেখা যায়। আগুনের রং সাধারণত কমলা বা হলুদ হয়, তোমরা সকলেই সে কথা জানো। কিন্তু এই হ্রদের গায়ে যে আগুন তার রং নীলচে। স্বভাবতই তা পৃথিবীর অন্যতম বিস্ময় হয়ে উঠেছে। ফিরোজা রঙের লেকের ধারে সারিবদ্ধ খয়েরি পাহাড়গুলো রাতের অন্ধকারে কালো হয়ে যায়। আর সেই কালো রঙের উপর নীল আগুন সত্যিই এক অপার্থিব দৃশ্য তৈরি করে। এতক্ষণে তোমরা ভাবছ হয়তো এ কোনো আজগুবি গপ্পো। নাহলে আগুনের রং নীল হবে কেমন করে? আজগুবি নয়, সত্যিই আমাদের এই পৃথিবীতেই এমন আগ্নেয়গিরি আছে, যেখান থেকে নীলচে আগুন ঝরে। আর তার বৈজ্ঞানিক কারণও খুব স্পষ্ট। এখানে যে আগ্নেয়গিরি রয়েছে তার থেকে ক্রমাগত নানা ধরনের গ্যাস বের হয়। তার মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় রয়েছে সালফার। আর সেই সালফারের প্রভাবেই আগুনে নীলচে রং ধরে। মজার কথা হল এখানে আগ্নেয়গিরিটি সক্রিয় হলেও এই পাহাড়ে হাইকিং করা সম্ভব। তবে, একটু খোঁজ খবর নিয়ে তা করতে হয়। এমন সময় যখন কোনো দুর্ঘটনার ভয় থাকবে না।