


সংবাদদাতা, বোলপুর: সাতসকালে চোখে পড়ল এক মর্মান্তিক ঘটনা। বাঁশঝাড়ের মধ্যে এক অজ্ঞাতপরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইলামবাজারের বাগলবাটি গ্রামে। এদিন সকালে গ্রামের বাসিন্দারা বাঁশঝাড়ের মধ্যে যুবকের দেহটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাঁশঝাড়ের মধ্যে যুবকের দেহ ঝুলতে দেখে গ্রামবাসীরা ইলামবাজার থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য দেহটি বোলপুর মহকুমা হাসপাতালে পাঠান তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তিনি কীভাবে ওই এলাকায় এলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি আত্মহত্যার ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের অনুমান, অন্য কোথাও যুবককে খুন করার পর দেহটি বাঁশঝাড়ে এনে ঝুলিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। যুবকের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।